আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই
সফরকালে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ কাজের উদ্বোধনের পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-০১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরসূচির বিস্তারিত জানানো হয়।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরাম উপজেলার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। পরশুরামে পৌঁছে দুপুর সাড়ে ১২টায় খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় তিনি উপস্থিত হবেন এবং সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন শেষে শুভেচ্ছা বিনিময় করবেন।
উদ্বোধনী পর্ব শেষে দুপুর সোয়া ১টায় ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোতে উপস্থিত হয়ে সেখানে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মধ্যে সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
নির্ধারিত সকল কর্মসূচি সমাপ্তির পর বিকেল সাড়ে ৫টায় তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। সফরসূচি অনুযায়ী রাত ৯টার মধ্যে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এসআর