জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভাষণ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে এটিই জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ। মাতৃভাষা বাংলায় দেওয়া এই বক্তব্যের মধ্য দিয়ে তার পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার নজির স্থাপন করতে যাচ্ছেন তিনি।
গত ২১ সেপ্টেম্বর পাঁচ দিনের সরকারি সফরে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠক ও রোহিঙ্গা সংকটবিষয়ক আন্তর্জাতিক ফোরামে যোগ দেন তিনি।
সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও করেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘে দেওয়া বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আইনের শাসন, অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু ন্যায়বিচার এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
এছাড়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ এবং সুস্পষ্ট রোডম্যাপের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
এসআর