মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বেলা ১১টা ২৯ মিনিটে সিলেটে পৌঁছেছেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে বেলা ১১টা ১৫ মিনিটে সিলেট পৌঁছান এবং ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউজে অবস্থান নেন।
সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) এবং দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
রাত ৮টায় বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে।
নিরাপত্তায় ১,০০০ পুলিশ সদস্যের পাশাপাশি অতিরিক্ত ২০০ জন এবং পুলিশের বিশেষ ইউনিট নিয়োজিত রয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসআর