[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন সাবেক ঢাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৫:২২ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভাঙচুর করে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে সেটি ছিঁড়ে ফেলেন বলে জানা গেছে।

আবু তৈয়ব ডাকসু নির্বাচনে আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছিল।

ছবি ছিঁড়ে ফেলার আগে আবু তৈয়ব জিন্নাহর ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

তিনি দাবি করেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার সিদ্ধান্তের বিরোধিতা করে তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, কার্জন হলে শিক্ষার্থীদের সামনে জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে বক্তব্য দিয়েছিলেন।

আবু তৈয়ব আরও বলেন, ভাষা আন্দোলনের সূচনালগ্নে প্রিন্সিপাল আবুল কাসেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৮ সালের ১১ মার্চ তার নেতৃত্বে হরতাল পালিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

তার দাবি, ওই সময় বহু শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছিলেন। তাই জিন্নাহর ছবি ডাকসুতে প্রদর্শনের বিষয়ে তিনি আপত্তি জানান এবং এর প্রতিবাদেই ছবিটি সরিয়ে ফেলেছেন।

এর আগে ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

একই ঘটনায় সোমবার সকালে ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ও নিন্দা জানায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

এসআর

সম্পর্কিত খবর