[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা সংকট নিরসনে জাপানি প্রতিনিধিদলের সাথে ত্রাণ প্রতিমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৬ পিএম

সংগৃহীত ছবি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইনের সাথে সচিবালয়ে সাক্ষাত করেছেন

 জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই স্যাসাকাওয়ার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (০৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের সার্বিক মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন ঘাটতি এবং চলমান সহায়তা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

​বৈঠকে তুলে ধরা হয় যে, বিশ্বব্যাপী বৈদেশিক মানবিক সাহায্য হ্রাস পাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্য, আশ্রয় ও পানির মতো মৌলিক প্রয়োজনগুলো নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ প্রতিমন্ত্রী আন্তর্জাতিক অংশীদারদের পক্ষ থেকে দীর্ঘমেয়াদি অর্থায়ন এবং দুই জাপানি ফাউন্ডেশনের সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

একই সাথে সংকটটির স্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসনে বৈশ্বিক সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। জবাবে প্রতিনিধিদলটি চলমান সহায়তা বজায় রাখা এবং ভবিষ্যতে এই সহযোগিতার পরিধি আরও বাড়ানোর আশ্বাস প্রকাশ করে।

এসআর

সম্পর্কিত খবর