সদ্য শেষ হওয়া অর্থবছরে সর্বকালের সর্বোচ্চ পরিমাণ কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের
রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। বন্দরের এই অভূতপূর্ব অর্জনে নিরলস পরিশ্রম ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিবন্ধিত ৬ হাজার ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে বিশেষ উৎসাহ বোনাস প্রদান করা হয়েছে।
এই প্রণোদনা কর্মসূচির অধীনে প্রত্যেক নিবন্ধিত শ্রমিক-কর্মচারী ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা পেয়েছেন। বোনাস বাবদ সর্বমোট ১৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর ভবনে চেয়ারম্যানের বিশেষ কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বোনাসের চেক হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট অপারেটর ও প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেয় বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের শ্রম শাখা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ আগস্ট অনুষ্ঠিত বন্দর বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ প্রণোদনা অনুমোদন পায়। সেই অনুযায়ী বন্দর, টার্মিনাল ও শিপ হ্যান্ডলিং অপারেটরদের অধীনে কর্মরত এবং বন্দরের শ্রম শাখায় তালিকাভুক্ত নিবন্ধিত কর্মীরা এই সুবিধা লাভ করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, পণ্য ওঠানামা ও বন্দরের সার্বিক কার্যক্রম সচল রাখতে কর্মীদের নিরবচ্ছিন্ন অবদানের সঠিক মূল্যায়নের লক্ষ্যেই এই বোনাস প্রদান করা হয়েছে।
এসআর