চাকরির বিধিমালা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
একই ঘটনায় আরও পাঁচ কর্মকর্তার বেতন অবনমনের শাস্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ জুলাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। বিএসইসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকায় রয়েছেন নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ এবং যুগ্ম পরিচালক রাশেদুল আলম।
এ ছাড়া উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান; সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষকেও বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
অন্যদিকে, বেতন অবনমনের শাস্তি পেয়েছেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম ও মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পী।
চলতি বছরের শুরুতেও বিএসইসির পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
এর আগে বিএসইসির আরও দুই কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়াকে কেন্দ্র করে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ওই ঘটনাকে ঘিরে চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করার মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল।
এবার চাকরির বিধি লঙ্ঘনের অভিযোগে একসঙ্গে ১৭ কর্মকর্তার বিরুদ্ধে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত এলো। তবে কোন কোন বিধি লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এসআর