আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা অডিটকে সামনে রেখে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সভায় মন্ত্রী বলেন, আইসিএওর নিরাপত্তা অডিটে ইতিবাচক ফল অর্জন দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত।
তাই আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
তিনি স্পষ্ট করেন, নিরাপত্তা ব্যবস্থায় কোনো যাত্রীর জন্য আলাদা সুবিধা থাকবে না; সবার ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর হবে।
এছাড়া প্রবাসী যাত্রীদের সেবা আরও উন্নত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দরের আকাশসীমা নিরাপদ রাখতে অ্যান্টি-ড্রোন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি নিরাপত্তা সরঞ্জাম, স্ক্যানিং যন্ত্র এবং প্রয়োজনীয় উপকরণের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় আরও আলোচনা হয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান জোরদার, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযোজন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা বাড়ানো এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে। প্রায় তিন বছর পর অনুষ্ঠিত এই সভায় এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়।
এসআর