প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যে কর হ্রাস করা হলেও বিরোধী দল এর সমালোচনা অব্যাহত রেখেছে।
তিনি এ বিষয়ে বিরোধীদের অবস্থান ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী-মাছুয়াখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে প্রায় ৬০টি প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে সরকারের প্রত্যাশা। একই সঙ্গে জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কিছু পণ্যের ওপর কর বাড়ানো হয়েছে।
তিনি বলেন, জনগণের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলোর পরও বিরোধী পক্ষ বাজেট নিয়ে নেতিবাচক মন্তব্য করছে। তার ভাষ্য অনুযায়ী, এসব সমালোচনার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে।
সরকার দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে যারা উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করেছে, জনগণ তাদের সমর্থন দেয়নি। উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খাল পুনঃখনন প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রায় পাঁচ দশক আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা পাতলী খাল পুনরায় সংস্কার করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন, ১২০০ হেক্টর জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।
তিনি আরও জানান, কৃষি খাতের উন্নয়নে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়া হবে।
এসআর