বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার দলের রাজনীতির মূল লক্ষ্য দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন।
বিশেষ করে কৃষক ও গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন।
শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান জানান, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষকদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কৃষকদের বীজ ও কৃষি উপকরণ কেনার সুবিধার্থে কৃষক কার্ডের মাধ্যমে এককালীন আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। তাই কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে খাল পুনঃখনন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার কাজ করছে।
উচ্চশিক্ষা পর্যায় পর্যন্ত শিক্ষার ব্যয় কমানোর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে বলে জানান তিনি।
পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন প্রকল্পের বিষয়ে তারেক রহমান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, সেচ সুবিধা সম্প্রসারিত হবে এবং হাজারো কৃষক সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি এলাকার বিপুলসংখ্যক মানুষ এর সুফল ভোগ করবেন।
তিনি আরও জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় হাজার হাজার কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাজেটে কৃষি খাতের জন্য প্রয়োজনীয় বরাদ্দও রাখা হয়েছে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের ব্যবহৃত বেশ কয়েকটি পণ্যের ওপর কর কমানো বা প্রত্যাহারের ফলে বাজারে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। অন্যদিকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু পণ্যের ওপর কর বৃদ্ধিকে তিনি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ও দেশের অগ্রগতি নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এসআর