দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গজনিত জটিলতায় শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই।
রোববার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ মে সকাল পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৮৬ শিশু। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৪২ শিশু।
প্রতিবেদনে আরও জানানো হয়, এখন পর্যন্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৬২২ শিশুর শরীরে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশু।
সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে হাম ও সংশ্লিষ্ট জটিলতায় মারা গেছে ২২৪ শিশু এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৬ হাজার ১৭৬ জনে।
এসআর