[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ঢাবির শিক্ষার্থীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল: চট্টগ্রামে লম্পট যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬ ৮:২৩ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ, গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইমতিয়াজ আলম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে

 চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ। গত মঙ্গলবার (১৯ মে) ভুক্তভোগী পরিবার কোতোয়ালী থানায় মামলা দায়েরের পর সীতাকুণ্ডের বাসিন্দা ও পেশায় এক ক্রিকেটারের গাড়িচালক ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৬ জানুয়ারি, ৩১ মার্চ এবং ১৭ এপ্রিল ঢাকার উত্তরার বিভিন্ন আবাসিক হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। শুধু তাই নয়, গোপনে ধারণ করা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ও আত্মীয়-স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে মানসিক নির্যাতন ও ব্ল্যাকমেইল করে আসছিল সে।

​সর্বশেষ, এসব ভিডিও ডিলিট করা ও বিয়ের আশ্বাসে গত ১৪ মে ওই তরুণীকে ঢাকা থেকে নগদ টাকা নিয়ে চট্টগ্রামে আসতে বলে ইমতিয়াজ। সেই বিশ্বাসে ভুক্তভোগী তরুণী তার বড় বোনের আলমারি থেকে ৭ লাখ টাকা নিয়ে চট্টগ্রামে পৌঁছালে, অভিযুক্ত যুবক তাকে নগরের স্টেশন এলাকায় নিয়ে যায় এবং কৌশলে ৭ লাখ টাকা, প্রায় ২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগীর বড় বোন কান্নাজড়িত কণ্ঠে জানান, অভিযুক্ত যুবক বিবাহিত হওয়া সত্ত্বেও নিজেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান পরিচয় দিয়ে ফেসবুকে সম্পর্ক গড়ে তোলে এবং গ্রেপ্তারের পর তার মোবাইলে অসংখ্য আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া যায়, যা সে ভুয়া আইডি খুলে টাকার বিনিময়ে অন্যদের দেখাত।

এই ঘটনার পর থেকে ২২ বছর বয়সী ওই শিক্ষার্থী মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর