আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়কপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা চালু রাখতে বলা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি না হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন সিএনজি স্টেশনগুলো বিরতিহীনভাবে কার্যক্রম চালাবে।
এদিকে, এবারও ঈদুল আজহায় দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছুটি থাকবে।
তবে এর আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।
এসআর