তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও রাজনৈতিক সহিংসতার কোনো ঘটনার বিচার থেকে সরকার পিছিয়ে যাবে না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনাসহ আলোচিত সব ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের বিভিন্ন ঘটনায় জড়ানো হয়েছিল এবং গণমাধ্যমের একটি অংশকে ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণাও চালানো হয়।
শাপলা চত্বরের ঘটনার পর বিএনপির বহু নেতাকর্মী মামলার মুখোমুখি হন বলেও উল্লেখ করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তি নির্যাতনের শিকার হয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিনের দমন-পীড়ন, বিরোধী সমাবেশে হামলা এবং রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ধীরে ধীরে জাতীয় ঐক্যে রূপ নেয়।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ ইতোমধ্যে শাপলা চত্বরের নিহতদের স্মরণ করেছে এবং জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন সহিংস ঘটনার বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, তার গ্রহণযোগ্যতার কারণেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য গড়ে ওঠে।
সরকারের বর্তমান কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জাতীয় দায়বদ্ধতা থেকে শহীদদের স্মরণ ও বিচার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে।
মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক শক্তির পাশাপাশি সামাজিক ও জাতীয় ঐক্য ছাড়া বড় কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়। ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম এবং জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সাইদ উদ্দিন আহমাদ হানজালা, শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
এসআর