[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

শিশু-কিশোরদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান: ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের হাতেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে ২০২৬ ৫:১৬ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আগামীর পথচলায় সবচেয়ে বড় ভূমিকা রাখবে বর্তমানের ক্ষুদে শিক্ষার্থীরা।

তাদের  মধ্য থেকেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


শনিবার (২ মে) বিকেলে সিলেট স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, গ্যালারিতে বসে থাকা প্রতিটি শিক্ষার্থীই দেশের প্রতিনিধি হিসেবে নিজেদের প্রস্তুত করবে। ভবিষ্যতে দেশের দায়িত্ব তাদেরই নিতে হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


শিক্ষার্থীদের উচ্ছ্বসিত উপস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী জানান, আনুষ্ঠানিক বক্তব্যের চেয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তিনি বলেন, কেউ খেলোয়াড় হতে চাইলে খেলাধুলা করবে, কেউ সংগীত বা অন্য কোনো ক্ষেত্রে আগ্রহী হলে সেই দিকেই এগোবে—সরকার এ ধরনের সুযোগ তৈরি করতে কাজ করবে।


এই আয়োজনে সারা দেশের ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম চালু করা হয়। উপস্থিত শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, এই আয়োজনের প্রকৃত প্রধান অতিথি তারাই।


তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ এখন তরুণ প্রজন্মের ওপর নির্ভর করছে। তারা যত দক্ষ ও যোগ্য হয়ে উঠবে, দেশ তত শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। ভবিষ্যতে তাদের মধ্য থেকেই সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বও আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।


অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগের পেছনের গল্প তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, কয়েক বছর আগে ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনার সময় এ পরিকল্পনার সূচনা হয়।


এর আগে বিকেএসপির শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলার প্রদর্শনী উপস্থাপন করে, যা তিনি উপভোগ করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন, ট্রফি ও লোগো উন্মোচন করেন।


অনুষ্ঠান শেষে তিনি মাঠে নেমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে তার সহধর্মিণীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর