[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ১২:৪৮ এএম

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)।

রোববার (৫ এপ্রিল) জারি করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ২৮(৪) অনুযায়ী কার্যালয় সংশ্লিষ্ট সরকারি তথ্য গণমাধ্যম বা অন্যান্য মাধ্যমে প্রকাশ ও উপস্থাপনের দায়িত্ব পালন করবেন এই দুই কর্মকর্তা।

বর্তমানে মাহদী আমিন প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

এর আগে তিনি জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


নীতিনির্ধারণ, শিক্ষা, কর্মসংস্থান, যুব ও নারী উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন মাহদী আমিন।

২০১৪ সালে তিনি বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

পরবর্তীতে ২০২৪ সালে তিনি দলটির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


অন্যদিকে, ছালেহ শিবলী দীর্ঘদিনের অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। কর্মজীবনে তিনি বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, বাংলাবাজার পত্রিকা এবং চ্যানেল আইসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন।

এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


পেশাগত জীবনে তিনি কূটনৈতিক দায়িত্বও পালন করেছেন। চারদলীয় জোট সরকারের সময় কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্বে ছিলেন।
সরকারি ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে মাহদী আমিন ও ছালেহ শিবলী এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এসআর

সম্পর্কিত খবর