[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

সংসদে বাকবিতণ্ডা: তথ্য বিকৃতি নিয়ে বিরোধীদলীয় নেতার অভিযোগ, জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ৮:৪৬ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের চলমান অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে বিরোধীদলীয় নেতার অভিযোগ এবং তার পাল্টা জবাবে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে ‘পয়েন্ট অব অর্ডার’-এ বক্তব্য দিতে গিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি দাবি করেন, আগের দিনের আলোচনায় তার বক্তব্যকে অসত্য বলা হয়েছে, যা তিনি সঠিক মনে করেন না।


এ সময় অধিবেশনে সভাপতিত্বকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিষয়টি আগের দিনের হওয়ায় নতুন করে আলোচনা না বাড়ানোর পরামর্শ দেন।


তবে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিরোধীদলীয় নেতা বক্তব্যে ‘মিথ্যা’ শব্দ ব্যবহার করেছেন, যা সংসদীয় শালীনতার পরিপন্থী। তিনি এ শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি তিনি ব্যাখ্যা দেন, আগের দিনের আলোচনায় প্রক্রিয়াগত কারণে একটি প্রস্তাব আগে উত্থাপন করা সম্ভব ছিল না, তাই সেটিকে অসত্য বলা হয়েছিল।


এর জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, একই ধরনের একটি প্রস্তাব ভিন্ন নামে উপস্থাপিত হয়েছিল, যার বিষয়বস্তু আগেরটির মতোই ছিল। সেই তথ্যের ভিত্তিতেই তিনি বক্তব্য দিয়েছিলেন এবং এতে কোনো বিভ্রান্তিকর তথ্য ছিল না বলে দাবি করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সংসদে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করে।

এসআর

সম্পর্কিত খবর