[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

সরকারি চাকরিতে প্রায় ৪.৭ লাখ পদ খালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ১২:৫৮ এএম

সংগৃহীত ছবি

দেশের সরকারি বিভিন্ন দপ্তরে বর্তমানে প্রায় ৪ লাখ ৬৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, ‘স্ট্যাটিস্টিক্স অব পাবলিক সার্ভেন্ট’ শীর্ষক ২০২৪ সালের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন।


তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণির পদে কর্মরত আছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, তবে শূন্য রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ। দ্বিতীয় শ্রেণিতে ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন কর্মরত থাকলেও খালি রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ।


তৃতীয় শ্রেণিতে কর্মরত ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জনের বিপরীতে শূন্য পদ রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। আর চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন হলেও শূন্য রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ।

এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে ৭ হাজার ৯৮০ জন কর্মরত এবং ৮ হাজার ১৩৬টি পদ ফাঁকা রয়েছে।


প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, অনারারি, চুক্তিভিত্তিক ও নির্দিষ্ট বেতনভুক্ত কর্মীরা বিভিন্ন দপ্তরে কাজ করলেও তারা সরকারি মূল বেতন কাঠামোর আওতায় পড়েন না।


পরে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, শূন্য পদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং বিধি-বিধান অনুসরণ করেই নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর