জাতীয় সংসদের চলমান অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় সদস্যরা।
বুধবার (১ এপ্রিল) বিকেলে অধিবেশন চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
ওয়াকআউটের আগে বক্তব্যে তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা প্রতিকার প্রত্যাশা করেছিলেন, যা পূরণ হয়নি। তার মতে, বিষয়টি কোনো একক দলের নয়; বরং নির্বাচনের আগে সরকার ও বিরোধী—উভয় পক্ষই এ বিষয়ে একমত ছিল এবং জনগণের কাছেও তা তুলে ধরা হয়েছিল। কিন্তু প্রত্যাশিত পদক্ষেপ না আসায় জনগণের মতামতের যথাযথ মূল্যায়ন হয়নি বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতির প্রতিবাদেই তারা অধিবেশন বর্জনের সিদ্ধান্ত নেন।
এ সময় স্পিকার বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, বিষয়টি নিয়ে আলোচনার আরও সুযোগ রয়েছে এবং শিগগিরই একটি মুলতবি প্রস্তাব উপস্থাপিত হবে, যেখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব। তিনি বিরোধী দলকে কিছু সময় অপেক্ষা করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
তবে জবাবে বিরোধীদলীয় নেতা জানান, প্রস্তাবিত নোটিশটি মূল বিষয়টি আড়াল করার চেষ্টা বলে তাদের মনে হয়েছে। এ কারণে উভয় বিষয়ের প্রতিবাদ হিসেবেই তারা তাৎক্ষণিকভাবে সংসদ ত্যাগ করছেন।
এরপর বিরোধী দলের সদস্যরা একযোগে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
এসআর
মন্তব্য করুন: