দেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সাধারণ শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।
এমন তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ক্লাস্টার বা গুচ্ছভিত্তিক পদ্ধতিতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এর আওতায় সংগীত প্রশিক্ষকেরা একটি উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে গিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে স্কুলভিত্তিক সাংস্কৃতিক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সংগীত শিক্ষাকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় আগ্রহ বাড়াতে খেলাধুলার মতো সংগীত প্রতিযোগিতার আয়োজনের কথাও ভাবা হচ্ছে বলে জানান মন্ত্রী।
অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগীত শিক্ষক নিয়োগ বাতিল প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, তখন পর্যাপ্ত শিক্ষক না থাকায় কার্যক্রম সীমিত আকারে পরিচালিত হচ্ছিল।
তার মতে, সে সময় কিছু ইতিবাচক সিদ্ধান্তের পাশাপাশি এমন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, যা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল।
তবে এসব সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: