বিশ্ববাজারে অস্থিরতার প্রভাব থাকলেও দেশের জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অন্তত আগামী মাস পর্যন্ত পেট্রোলিয়াম জ্বালানির কোনো ঘাটতি দেখা দেবে না।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে বর্তমানে পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মিলিয়ে মোট প্রায় ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি মজুত রয়েছে।
এর মধ্যে ডিজেলের পরিমাণই সবচেয়ে বেশি—প্রায় ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন।
এছাড়া অকটেন রয়েছে প্রায় ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোলের মজুত ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েলের পরিমাণ প্রায় ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।
তিনি আরও জানান, মার্চ মাসে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হয়নি এবং এপ্রিলেও একই অবস্থা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ডিজেল নিয়ে কোনো ধরনের সংকট নেই বলে নিশ্চিত করেছেন তিনি।
ডিজেল পাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। পাশাপাশি জ্বালানি বিক্রয় ব্যবস্থাকে আধুনিক করতে একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ চলছে, যা শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু করা হবে।
এসআর
মন্তব্য করুন: