প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিল থেকে সিলেটে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খোঁজার নতুন উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।
সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ক্রীড়াভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া খেলোয়াড়দের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রম চালু করেন। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ একসময় শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠানটি আবার সম্প্রচারে ফিরে এসেছে। এবার এর আদলে ক্রীড়াক্ষেত্রে প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত হবে।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি একটি সম্ভাবনাময় পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি জানান, ক্রীড়াকে পেশাগতভাবে প্রতিষ্ঠা করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: