[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

ক্রীড়াবিদদের জন্য কার্ড ও আর্থিক সহায়তা কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ১২:১৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে নতুন উদ্যোগ হিসেবে ক্রীড়াকার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি চালু করেন।


উদ্বোধনের সময় ডিজিটাল পদ্ধতিতে একটি বোতাম চাপার মাধ্যমে সোনালী ব্যাংক-এর অনলাইন সিস্টেম ব্যবহার করে নির্বাচিত ক্রীড়াবিদদের মোবাইল অ্যাকাউন্টে এক লাখ টাকা করে পাঠানো হয়। অনুষ্ঠানে মোট ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়াকার্ড প্রদান করা হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারীদের বিশেষভাবে সম্মাননা জানানো হয়।


অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, পরে অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করা হয়। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। এ সময় দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, নতুন অবকাঠামো গড়ে তোলা এবং তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার পরিকল্পনাগুলো তুলে ধরা হয়।


সাফ ফুটসালজয়ী নারী দলসহ কাবাডি, ভলিবলসহ বিভিন্ন ডিসিপ্লিনের মোট ১২৯ জন খেলোয়াড় এই কর্মসূচির আওতায় আসেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করা হবে। তবে স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই সুবিধার বাইরে থাকবেন।


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রতি চার মাস অন্তর খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স সন্তোষজনক হলে তারা এই সুবিধা চালিয়ে যেতে পারবেন, অন্যথায় তালিকা থেকে বাদ পড়বেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর