[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬ ১:৪৬ এএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি আজ রোববার তৃতীয় দফায় বৈঠকে বসছে।

রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।  তিনি শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এ বৈঠকেই অধ্যাদেশগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে সেই সিদ্ধান্তের ভিত্তিতে বিশেষ কমিটির প্রতিবেদন তৈরি করা হবে এবং তা ২ এপ্রিল সংসদে উপস্থাপন করা হবে। এরপর নিয়ম অনুযায়ী আইন প্রণয়নের প্রক্রিয়ায় এগোবে বিষয়টি।


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই এ বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।


পর্যালোচনার জন্য উত্থাপিত অধ্যাদেশগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার নিরাপত্তা, পুলিশ কমিশন গঠন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত বিষয়ও রয়েছে।


এর আগে গত ২৪ ও ২৫ মার্চ বিশেষ কমিটির দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের বৈঠককে এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর