[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

সড়ক ও রেল দুর্ঘটনায় হতাহতে প্রধানমন্ত্রীর শোক, তদন্তে কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ৭:২৯ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সড়ক ও রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ করে কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত কারণ অনুসন্ধানের নির্দেশ দেন।


রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এক বিবৃতিতে জানান, কুমিল্লার এই দুর্ঘটনার পাশাপাশি বগুড়ার সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনার বিষয়েও গুরুত্ব দিয়ে তদন্ত করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।


আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার নির্দেশনাও দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রতিটি দুর্ঘটনার পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জোর দিয়ে উল্লেখ করেছেন।


কুমিল্লার দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। এসব কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত শেষে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।


এছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।


বিবৃতিতে তিনি বলেন, ঈদের মতো আনন্দঘন সময়ে এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রতিটি প্রাণের মূল্য অপরিসীম এবং প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


একই সঙ্গে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ করতে রেলক্রসিং, সেতু এবং সামগ্রিক যাতায়াত ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর