যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় প্রথম
এবং ৮টায় দ্বিতীয় জামাত সম্পন্ন হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকি নদভী। নামাজ শেষে কয়েক হাজার মুসল্লি একত্রে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
নামাজ পরবর্তী দীর্ঘ মোনাজাতে মহান আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফ এবং পবিত্র রমজানের ইবাদত কবুলের জন্য আরতি জানান মুসল্লিরা। দেশের ওপর আসা বিভিন্ন বিপদ-আপদ থেকে মুক্তি এবং বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের হেফাজতের জন্য বিশেষ দোয়া করা হয়। এসময় অনেক মুসল্লিকে অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করতে দেখা যায়। এছাড়া প্রয়াত আত্মীয়-স্বজনদের জান্নাত কামনায়ও আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সূচি অনুযায়ী, বায়তুল মোকাররমে আরও তিনটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা, ১০টা এবং বেলা পৌনে ১১টায় এই জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তৃতীয় জামাতে মাওলানা মো. জাকির হোসেন, চতুর্থ জামাতে মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতির দায়িত্ব পালন করবেন। জরুরি প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রাখা হয়েছে মাওলানা শহীদুল ইসলামকে।
এসআর
মন্তব্য করুন: