ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ দিনের অধিবেশন শুরু হয়।
দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশ নিষ্পত্তির বিষয় রয়েছে।
একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন এবং এ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ দিনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন উত্থাপন ও উত্তর দেওয়া হবে।
এছাড়া সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ ধারার আওতায় জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য জমা পড়া নোটিশগুলোও নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব এবং এর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে অধিবেশনের সময়সূচি, কার্যসূচি ও আলোচনার সময় নির্ধারণ নিয়ে আলোচনা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উদ্দেশে ৮টি এবং অন্যান্য মন্ত্রীর উদ্দেশে ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ এর আওতায় ২৭টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাব জমা দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: