ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে রাজধানীর জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলডি হল মাঠে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার
সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপহার বিতরণের পাশাপাশি আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। এছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ ড্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুস্থ শিশু ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং বিগত ১৭ বছরে গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন অল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।
প্রধান অতিথির বক্তব্যে ডা. জোবাইদা রহমান বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা এবং মা ও শিশুদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থাকে আধুনিকায়ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: