রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত আড়ংয়ের একটি শোরুমে কেনাকাটা করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেত্রী রুমিন ফারহানা ।
শপিং ব্যাগের জন্য অতিরিক্ত টাকা চাওয়ায় অসন্তোষ প্রকাশ করে তিনি কাপড় হাতে নিয়েই শোরুম থেকে বের হয়ে যান।
শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডে অবস্থিত Aarong–এর শোরুমে মায়ের জন্য কয়েকটি কাপড় কিনতে যান তিনি। কেনাকাটা শেষে কাউন্টারে বিল পরিশোধ করার পর শপিং ব্যাগ না পেয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানান।
ঘটনাটি নিয়ে তোলা একটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা কয়েকটি কাপড় হাতে নিয়ে শোরুম থেকে বের হচ্ছেন। ছবিটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে অনলাইনে নানা আলোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি দাবি করেন, আড়ং থেকে কেনাকাটার সময় এর আগেও এমন অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে। তার ভাষ্য, গ্রাহকরা অর্থ দিয়ে পণ্য কেনার পর তা বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগ না পাওয়া অস্বস্তিকর।
পরিবেশগত কারণে যদি শপিং ব্যাগ সীমিত করা হয়, তবে বিকল্প ব্যবস্থাও থাকা উচিত বলে তিনি মন্তব্য করেন।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে রুমিন ফারহানা বলেন, ইফতারের পর তিনি উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে যান এবং মায়ের জন্য চারটি ম্যাক্সি কেনেন।
বিল পরিশোধের পর তাকে জানানো হয়, শপিং ব্যাগ নিতে হলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। এ বিষয়টি তার কাছে অযৌক্তিক মনে হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে ব্যাগ ছাড়া কাপড় নিয়েই শোরুম ত্যাগ করেন।
তিনি আরও বলেন, মায়ের পোশাকের মাপ আড়ংয়ের পোশাকের সঙ্গে মিল থাকায় সেখান থেকেই কেনাকাটা করতে গিয়েছিলেন।
এ বিষয়ে জানতে উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: