গ্রীষ্মের তপ্ত রোদে শরীরকে সতেজ রাখতে তরমুজের জুড়ি নেই। অনেকে তরমুজের মিষ্টতা বাড়াতে বা স্বাদের ভিন্নতা আনতে এর ওপর লবণ বা চাটমসলা ছিটিয়ে খান। সাধারণ মনে হলেও এভাবে তরমুজ খাওয়ার পেছনে বেশ কিছু
বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত কারণ রয়েছে। তরমুজে প্রায় ৯২ শতাংশ পানি এবং পটাশিয়ামের মতো খনিজ থাকলেও এতে সোডিয়ামের মাত্রা কম থাকে।
লবণের সোডিয়াম শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন রোধে কার্যকর। এছাড়া লবণের ক্লোরাইড আয়ন জিহ্বার রিসেপ্টরের সঙ্গে বিক্রিয়া করে তরমুজের প্রাকৃতিক মিষ্টতাকে আরও তীব্রভাবে অনুভূত করতে সাহায্য করে।
হজমের ক্ষেত্রেও লবণ মিশ্রিত তরমুজ বেশ উপকারী। লবণের প্রভাবে পাকস্থলীতে পাচক রস নিঃসরণ বৃদ্ধি পায়, যা দ্রুত হজমে সহায়তা করে। অনেকের তরমুজ খাওয়ার পর পেট ফাঁপার সমস্যা হয়, সামান্য লবণ বা বিটলবণ ব্যবহারে সেই অস্বস্তি সহজেই দূর করা সম্ভব। তবে স্বাদের কথা ভেবে অতিরিক্ত লবণ ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
মাত্রাতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বৃদ্ধিসহ নানা জটিলতা তৈরি করে এবং তরমুজের আসল স্বাদ নষ্ট করে দেয়। তাই এক বাটি তরমুজের জন্য এক চিমটি লবণ, চাটমসলা কিংবা সামান্য লেবুর রসই যথেষ্ট, যা একইসঙ্গে স্বাদ ও পুষ্টির ভারসাম্য নিশ্চিত করবে।
এসআর
মন্তব্য করুন: