গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন হাইকোর্ট।
এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন গণমাধ্যমকে জানান, আদালতের আদেশের বিষয়টি তারা পেয়েছেন। আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আদালতে শাহজালাল রুমির পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন আইনজীবী মোহাম্মদ মাহবুবুর রহমান খান, বেল্লাল হোসাইন ও এইচ এম রুহুল আমিন মোল্লা।
মামলার সূত্রে জানা যায়, টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজালাল রুমির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে গত ২৬ অক্টোবর শাহজালাল রুমির পক্ষে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করা হয়েছিল। মঙ্গলবার সেই আবেদনের শুনানি শেষে আদালত তাকে চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
এফ/ডি