[email protected] মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩

তাহসিফের মৃত্যু: তুরাগের পাড় থেকে মোটরসাইকেল উদ্ধার, তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬ ১২:৪২ পিএম

সংগৃহীত ছবি

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নৌ পুলিশের তদন্তের পাশাপাশি কাজ শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্তের অংশ হিসেবে টঙ্গীর তুরাগ নদের তীরবর্তী মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে সংস্থাটি।

উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের ব্যবহৃত কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই চলছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআইয়ের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে ঘটনার বিষয়ে তথ্য জানতে তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পিবিআই।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, তুরাগ নদ থেকে প্রায় ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়।

সেটির মালিকানা ও ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়।

এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাহসিফের বাবা এনায়েতুল করিম বৃহস্পতিবার মর্গের সামনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর