[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: মিশুর পর সাবেক ছাত্রদল নেতা পিয়াস গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬ ১:১৫ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার আলম পিয়াসকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিয়াসকে গ্রেপ্তার করা হয়। একই দিনে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন মিশু মোল্লা নামে ৩৬ বছর বয়সী আরেকজনকে গ্রেপ্তার করে ডিবি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি।

ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশের তথ্যমতে, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করেন। পরে সেখান থেকে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়।

এ সময় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলারও অভিযোগ ওঠে। পরে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি’র ব্যানারে এ হামলা চালানো হয়েছিল বলে জানা যায়।

এসআর

সম্পর্কিত খবর