[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে তিন নারীসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২:০০ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদ্‌যাপনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সম্পৃক্ততা রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।

পুলিশ জানায়, এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে নুরুল হাকিম রাব্বির বিরুদ্ধে।

পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করতে গেলে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নারীসহ সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা কর্মসূচি ও সমাবেশকে কেন্দ্র করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর