[email protected] সোমবার, ১৮ মে ২০২৬
৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধের মামলা: সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৬ ৯:২১ এএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনালের

 চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩ মে ষষ্ঠ নম্বর সাক্ষীর জবানবন্দির দিন নির্ধারিত থাকলেও সাক্ষী অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে না পারায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়েছিল।

​এই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় তার পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম। এর আগে গত ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তার জবানবন্দির জেরা সম্পন্ন করেন আইনজীবী আমিনুল গণি টিটোসহ আসামিপক্ষের আইনজীবীরা, যার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল গত ১৯ এপ্রিল।

​প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে উল্লেখ করা হয়েছে, সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ান পলক এবং এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী।

এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা এবং হত্যায় সহায়তার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে, যার ফলে রাসেল ও মোসলেহ উদ্দিনসহ ২৮ জন এবং উত্তরায় ৩৪ জন নিহত হন। চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এবং এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ আমলে নিয়েছিলেন আদালত।

এসআর

সম্পর্কিত খবর