প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সম্মানে আয়োজিত এক
অনুষ্ঠানে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
রোববার আপিল বিভাগের ১ নম্বর এজলাসে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতন্ত্র ও দেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনও বক্তব্য দেন। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, জ্যেষ্ঠ আইনজীবী, সাংবাদিক এবং আদালতের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
এসআর