[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

পাকিস্তানে স্কুলবাসে ভয়াবহ হামলা: ভারতের ওপর অভিযোগ, পাল্টা প্রত্যাখ্যান নয়াদিল্লির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে ২০২৫ ৭:৪৯ এএম

ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে একটি স্কুলবাসে ভয়াবহ বোমা হামলায় চার শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি শিক্ষার্থী। বুধবার (২১ মে) সকালে ঘটা এই নৃশংস হামলার জন্য ভারতকে দায়ী করেছে ইসলামাবাদ, তবে নয়াদিল্লি সেই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন,
“খুজদারে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা নেই। পাকিস্তানের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন,
“ভারত সব ধরনের সন্ত্রাসবাদ এবং নিরীহ মানুষের প্রাণহানির বিরুদ্ধে। পাকিস্তান নিজের ব্যর্থতা আড়াল করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্নখাতে নিতে এ ধরনের অভিযোগ বারবার করে থাকে।”

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাবাহিনী এই হামলার জন্য ভারতের কথিত ‘সন্ত্রাসী প্রোক্সি’দের দায়ী করেন। তবে এই অভিযোগের পক্ষে ইসলামাবাদ কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়,
“নিরীহ শিশুদের বহনকারী বাসে হামলা কাপুরুষোচিত এবং ঘৃণ্য। এই হামলা ভারতের প্ররোচিত সন্ত্রাসী নীতির অংশ। হামলাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।”

বিশ্লেষকদের মতে, এ হামলা ২০১৪ সালে পেশোয়ারে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পরিচালিত সামরিক স্কুলে হামলার স্মৃতি ফিরিয়ে এনেছে, যেখানে ১৩০-র বেশি শিশু নিহত হয়েছিল।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা বেড়েছে। এ বছরের মার্চ মাসে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) একটি ট্রেনে হামলা চালিয়ে রেলপথ ধ্বংস করে এবং অন্তত ৩১ জনকে হত্যা করে।

এসআর

সম্পর্কিত খবর