[email protected] মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব তুরস্কের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে ২০২৫ ৬:৩১ এএম

ফাইল ছবি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা আয়োজনের জন্য তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। এ বিষয়ে খবর প্রকাশ করেছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

এর আগে শনিবার ইউক্রেন একতরফাভাবে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের একটি নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের ওই প্রস্তাবকে স্বাগত জানান।

এই প্রেক্ষাপটে রোববার সকালে প্রেসিডেন্ট পুতিন তুরস্কে সরাসরি শান্তি আলোচনা শুরুর প্রস্তাব দেন, যা ইতোমধ্যে গ্রহণ করেছেন প্রেসিডেন্ট এরদোগান।

তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপের পর এরদোগান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও ফোনে কথা বলেন এবং একই বার্তা দেন।

এ প্রসঙ্গে এরদোগান বলেন, “ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। তুরস্ক আলোচনার আয়োজনসহ যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত, যাতে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি নিশ্চিত করা সম্ভব হয়।”

এসআর

সম্পর্কিত খবর