হ্যালোইন উৎসব উদ্যাপনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে একের পর এক বন্দুক হামলা ও সহিংসতার ঘটনা ঘটেছে।
সোমবার (২ নভেম্বর) স্থানীয় পুলিশ ও কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে নাইটক্লাব, বিপণিবিতান, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ জনবহুল এলাকায় এসব হামলা ঘটে। এর মধ্যে টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম বিনোদন এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত থেকে রোববারের প্রথম ভাগ পর্যন্ত প্রায় ৭৫ মিনিটের ব্যবধানে ডালাসে তিনটি পৃথক বন্দুক হামলা হয়। এতে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো জানিয়েছেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামেও ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুটি গোলাগুলির ঘটনা ঘটে। আলাবামা স্টেট ইউনিভার্সিটি ও আলাবামা এঅ্যান্ডএম ইউনিভার্সিটির মধ্যকার ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে এবং পার্কিং এলাকায় এসব ঘটনা ঘটে। এতে একজন নিহত ও আটজন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ম্যাচটি উপভোগ করতে সেখানে প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
ফ্লোরিডার জ্যাকসনভিল শহরে হ্যালোইন উদ্যাপন চলাকালে পৃথক দুটি হামলায় দুজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন। নিহতদের একজন ১৭ বছর বয়সী কিশোরী এবং অন্যজন ২০ বছর বয়সী তরুণ। পুলিশের প্রাথমিক ধারণা, বিরোধ ও সংঘর্ষের জেরেই এসব ঘটনা ঘটেছে।
ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে একটি পোশাকের দোকানে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের মধ্যে দুজন কিশোরের অবস্থা গুরুতর। ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে বিবেচনা করে তদন্ত করছে পুলিশ।
এ ছাড়া মিসিসিপির জ্যাকসনের একটি নৈশক্লাবে গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। ইলিনয় অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির কাছাকাছি হামলায় ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হন। আহত হন আরও সাতজন। ইন্ডিয়ানার ব্লুমিংটনেও বিশ্ববিদ্যালয় এলাকার কাছে গুলির ঘটনায় সাতজন আহত হয়েছেন।
ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্কে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছাকাছি হ্যালোইন আয়োজনের সময় ছয়জন গুলিবিদ্ধ হন। একই অঙ্গরাজ্যের এলেনডেলে একটি জনসমাগমস্থলে গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত এবং আটজন আহত হয়েছেন।
এ ছাড়া মিশিগানের ম্যাডিসন হাইটসে একটি পোশাকের দোকানে হামলায় ২১ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। ডেট্রয়েট শহরে হ্যালোইনের পোশাক পরে বাড়িতে খেলতে থাকা পাঁচ বছর বয়সী এক শিশুও গুলিবিদ্ধ হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, প্রতিবছর ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব পালিত হয়। এ উপলক্ষে মানুষ নানা ধরনের পোশাক পরে উৎসব, পার্টি ও বিভিন্ন আয়োজনে অংশ নেন। তবে জনসমাগম, সংঘর্ষ এবং আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণে এ সময় নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এফবিআইয়ের ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত অপরাধসংক্রান্ত তথ্য বিশ্লেষণে ৩১ অক্টোবরকে বছরের তৃতীয় সর্বাধিক সহিংস দিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
এফ/ডি