রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ
ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে এ মামলার আরেক আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি হাজিরা দেবেন।
আজ রবিবার (১ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়। এদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।
যাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে:
দীপু মনি ছাড়াও ট্রাইব্যুনালে হাজির করা অপর আসামিরা হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা। তবে অসুস্থতার কারণে সাবেক আইজিপি একেএম শহীদুল হককে হাজির করা হয়নি। এর আগে গত ৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে তা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।
পলাতক আসামিদের ক্ষেত্রে ট্রাইব্যুনালের পদক্ষেপ:
নথিপত্র অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ জন আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তির আদেশ দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় সন্ধান না পেয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয়। এরপর গত ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ আসামিকে পলাতক বিবেচনায় সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন আদালত।
পলাতক আসামিদের তালিকায় রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মামলার অভিযোগসমূহ:
প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে মূলত দুটি প্রধান ঘটনার উল্লেখ রয়েছে—
১. ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা।
২. পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞ।
উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এইচ/এম