কানাডার আলবার্টা প্রদেশের একটি ব্যস্ততম সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য জানানো হয়।
আলবার্টার ওয়াইনরাইট শহরে অবস্থিত ওই সেনাঘাঁটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার, থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার এবং আর্মি ফিল্ড ফোর্স ইউনিটের ট্রেনিং গ্রাউন্ড রয়েছে। প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘাঁটিটি অবস্থিত।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি এক প্রেস ব্রিফিংয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।” তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা হতাহতের নির্দিষ্ট সংখ্যা কত, সে বিষয়ে তিনি কিছু জানাননি। তিনি কেবল উল্লেখ করেন যে আগুনটি এখনও সক্রিয় ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, একটি গুরুতর ঘটনার মধ্য দিয়ে এই আগুনের সূত্রপাত হয়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকাল চারটার দিকে ঘাঁটি থেকে তাদের কাছে সহায়তা চাওয়া হয়।
উচ্চ বাতাস ও বাতাসের গতিপ্রকৃতির কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত ওয়াইনরাইট শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে, জরুরি সড়কগুলো ফাঁকা রাখতে এবং একান্ত প্রয়োজন ছাড়া স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে না যাওয়ার অনুরোধ জানিয়েছে।
এসআর