পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে।
লেডি রিডিং হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন শিশু আহত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অন্তত ২০ শিশুর আহত হওয়ার তথ্য দিলেও পুলিশের হিসাবে আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে কয়েকজন শিশু আটকা পড়ে। তাদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন। দুর্ঘটনার ঘটনায় স্কুলটির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রাদেশিক শিক্ষা বিভাগ। এ জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআর