যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চাপ দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২। বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় পার্লামেন্ট নেসেটের নির্বাচন এবং ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই ইরানে হামলা চালানোর জন্য ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করেন নেতানিয়াহু। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু জানিয়েছেন যে, বর্তমান পরিস্থিতিতে এই হামলা চালানো সুবিধাজনক নয়, যদিও এর সুনির্দিষ্ট কারণ তিনি উল্লেখ করেননি। এই প্রতিবেদন প্রকাশের পর বুধবার আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু ইঙ্গিত দেন যে, এই মুহূর্তে ইরানে তাদের কোনো হামলা চালানোর পরিকল্পনা নেই।
আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও পরিষ্কার করেন যে, তার দল লিকুড পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলে উগ্রপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে না। লিকুড পার্টির সঙ্গে জোট বেঁধে আবারও ক্ষমতায় আসার পর বেন গিভির এই পদটি পাওয়ার জন্য চাপ দিলেও নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন যে, এ বিষয়ে তার কোনো সিদ্ধান্ত নেই এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদটি লিকুড পার্টির দখলেই থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেকোনো সময় হামলা চালাতে পারে—এমন আশঙ্কা মাথায় রেখে নিজেদের প্রস্তুত করছে ইরান। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী হামলার প্রস্তুতি নিচ্ছে টের পেলে ইরান নিজেই আগেভাগে আক্রমণ চালাতে পারে।
এসআর