[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

হুথি হামলায় বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা, বিশ্ববাজারে চড়া তেলের দাম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬ ৬:৪৮ পিএম

সংগৃহীত ছবি

সৌদি আরবে একের পর এক হামলা এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

সোমবার তেলের দাম প্রায় ১৪ দিনের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।

 

রাশিয়ার ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতির আলোচনা বাজারে সরবরাহ বৃদ্ধির আশা জাগিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা।

 

সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২৪ সেন্ট বেড়ে ১০৬ ডলার ১৯ সেন্টে দাঁড়ায়। আগের দরের তুলনায় এই বৃদ্ধি ১ দশমিক ২ শতাংশ। গ্রিনিচ মান সময় সকাল ১১টা ২৪ মিনিটে এ দর রেকর্ড করা হয়, যা গত ২৯ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৯৬ সেন্টে পৌঁছায়। এতে প্রতি ব্যারেলে দাম বাড়ে ১ ডলার ১১ সেন্ট।

 

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলার দায় হুথিরা স্বীকার করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই ঘটনায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। সোমবারের আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে।

 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ডিজেল রপ্তানি এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এসব উদ্যোগ কার্যকর হলে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

তবে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী তেলবাহী জাহাজে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হলে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ সংকট তৈরি হয়ে তেলের দাম আরও বাড়তে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর