[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে দাম কমাতে ৩ লাখ টন ডিজেল দেবে রাশিয়া: ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬ ৮:২৭ এএম

সংগৃহীত ছবি

বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে অবিলম্বে ৩ লাখ টন ডিজেল সরবরাহে সম্মতি

 দিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে।

​শুক্রবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, আগামী কয়েক মাসে আরও কয়েক দফায় বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করতে যাচ্ছে মস্কো।

​প্রেসিডেন্ট ট্রাম্প জানান, রাশিয়া তাৎক্ষণিকভাবে ৩ লাখ টন ডিজেল সরবরাহ করবে। পরবর্তীতে নভেম্বর মাসে আরও ৫ লাখ টন এবং ডিসেম্বর মাসে ১০ লাখ টন ডিজেল দেবে দেশটি। এর বাইরে রুশ শোধনাগারগুলোর সক্ষমতার ওপর ভিত্তি করে খুব শিগগিরই আরও ৩০ লাখ টন ডিজেল সরবরাহ করা হতে পারে।

​এই চুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার জ্বালানি খাতের ওপর থাকা নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার ডিজেল প্রবেশ ও সরবরাহের পথ সুগম হবে।

​ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে তেল ও তেলজাত পণ্য সরবরাহে রাশিয়া সম্পূর্ণ প্রস্তুত। এই পদক্ষেপে বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গেছে, দুই নেতার ফোনালাপে ইউক্রেন সংকটের সমাধান, বর্তমান ইরান পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

​তবে রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের তীব্র বিরোধিতা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মন্তব্য করেন, রাশিয়ার ওপর থেকে বিধিনিষেধ শিথিল করা এক ধরনের দুর্বলতার লক্ষণ। রাশিয়াকে তেলজাত পণ্য বিক্রির সুযোগ দেওয়ার অর্থ হলো এমন একটি যুদ্ধে অর্থ জোগানে সহায়তা করা, যা দ্রুত বন্ধ হওয়া উচিত।

​উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির অটোমোবাইল সংস্থা এএএ (AAA)-এর হিসেব অনুযায়ী, বর্তমানে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম দাঁড়িয়েছে ৬.২৮ ডলার—যা এক মাস আগে ছিল ৫.৯৪ ডলার এবং এক বছর আগে ছিল মাত্র ৩.৬৮ ডলার।

​পণ্য পরিবহন (ট্রাক), কৃষি ও নির্মাণখাতে ডিজেলের ব্যাপক ব্যবহার থাকায় এ জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পণ্য উৎপাদন ও যাতায়াত খরচ বহুলাংশে বেড়ে গেছে।

এসআর

সম্পর্কিত খবর