[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

নিউইয়র্ক-নিউ জার্সিতে শক্তিশালী ঝড়, জরুরি অবস্থা জারি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৯ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে।

নিউইয়র্ক, বোস্টনসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বিদ্যুৎ বিভ্রাট ও উপকূলীয় বন্যার আশঙ্কায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি, বোস্টনসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং বিপজ্জনক মাত্রার উপকূলীয় বন্যা দেখা দিতে পারে।

 

ঝড়ের প্রভাবে ইতোমধ্যে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের বড় অংশই উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা।

 

প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলেও বড় ধরনের প্রভাব পড়েছে। ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং ১ হাজার ১৯৯টি বাতিল হয়েছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নিতে বলা হয়েছে।

 

উপকূলজুড়ে বন্যার শঙ্কা

পূর্ণিমার প্রভাবে শনিবার উপকূলীয় বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় এরই মধ্যে কয়েকটি সড়ক ও বাড়িতে পানি ঢোকার খবর পাওয়া গেছে।

 

এনডব্লিউএস নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, উপকূলসংলগ্ন নিচু এলাকায় সড়ক প্লাবিত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে।

 

ঝড়ের কারণে বিভিন্ন বিনোদনমূলক ও ক্রীড়া আয়োজনেও পরিবর্তন আনা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। সেখানে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের পরিবেশনার কথা ছিল।

 

এ ছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার পেশাদার ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি আবার রোববার ফ্লোরিডায় স্থানান্তর করা হয়েছে।

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বা প্রায় ৮৬ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো কিংবা হেঁটে চলাচল না করার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর