সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশ যে ১০১টি চুক্তি ও সমঝোতা করেছে, সেগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন মুখপাত্র রণধীর জয়সোয়াল।
সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার পর্যালোচনা করছে—এ বিষয়ে ঢাকার পক্ষ থেকে দিল্লিকে কিছু জানানো হয়েছে কি না।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ সংক্রান্ত কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন তারা দেখেছেন। তবে বাংলাদেশ সরকারের কাছ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি।
ভারতের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে।
এসব চুক্তিতে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী কোনো শর্ত বা বিষয় রয়েছে কি না, তা বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে।
পর্যালোচনা শেষে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।
পরে ১৩ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সংশ্লিষ্ট স্মারক ও চুক্তিগুলো জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বসহকারে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করা হচ্ছে।
এসআর