[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৭:০০ পিএম

সংগৃহীত ছবি

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ককে (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) পুনরায় কার্যকর করার উদ্যোগে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষ থেকে এ সহযোগিতা প্রত্যাশার কথা জানানো হয়।

বাংলাদেশ মনে করে, সার্ককে পুনরুজ্জীবিত করা গেলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি এ অঞ্চলের মানুষের সম্মিলিত কল্যাণে তা ভূমিকা রাখতে পারে।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সময় তারা সমৃদ্ধ ও সহযোগিতামূলক দক্ষিণ এশিয়া গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান তারা।

সাক্ষাৎকালে ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) প্রকল্পে বাংলাদেশ থেকে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি সরবরাহের মাধ্যমে সহযোগিতার আগ্রহের কথাও জানান মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

এ ছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জার্মানির উদ্দেশে যাত্রার আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

এসআর

সম্পর্কিত খবর