লেবাননের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল।
বৃহস্পতিবার সকালে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’-র (এনএনএ) তথ্য অনুযায়ী, টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরিসহ একাধিক এলাকায় এই হামলা চালানো হয়। আল-মানসুরিতে ঘটা শক্তিশালী বিস্ফোরণের তীব্রতা পার্শ্ববর্তী গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে। এছাড়া হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারি মেশিনগান দিয়ে গুলিবর্ষণের পাশাপাশি তীব্র কামান হামলা চালানো হয়েছে।
দক্ষিণাঞ্চলের বানি হাইয়ান, কাফার তেবনিত, বিন্ত জুবাইল জেলার বেইত লিফ সংলগ্ন ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলে একাধিক বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলায় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়েক মাস ধরে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরাইলি বাহিনী স্থল ও বিমান হামলা চালিয়ে আসছে। পাশাপাশি লেবাননের গ্রামগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর দমনপীড়ন ও বাড়িঘর থেকে বিতাড়িত করার অভিযোগ উঠেছে, যার ফলে ইতোমধ্যে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত ও ইয়েমেনের অস্থিরতার মধ্যে লেবানন সীমান্তের এই উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের অস্থিতিশীলতা ও সংকট তৈরি করছে।
এসআর