নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ার ৯ দিন পর
একটি বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎকেন্দ্রের চার কিলোমিটারেরও বেশি দীর্ঘ ভূগর্ভস্থ টানেল খনন করে অল্প সময়ের ব্যবধানে তাঁদের বের করে আনেন উদ্ধারকারীরা। ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ছোট মাটির গর্ত দিয়ে তাঁদের নিরাপদে বের করে আনার পর উদ্ধার কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুওয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানান, টানেলের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শোনা গেছে এবং দ্রুত সেখানে একটি মেডিকেল টিম পাঠানো হচ্ছে। সেখানে এখনো বহু শ্রমিক আটকা পড়ে আছেন এবং নিখোঁজ ৪২ জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ত্রিশূলী নদীর তীরে অবস্থিত কেন্দ্রগুলোতে নেপাল ছাড়াও চীন, ভারত ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা কর্মরত ছিলেন। এই ভয়াবহ বন্যায় ইতিমধ্যে দেশজুড়ে ১,২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
এসআর